বুলবুল আহমেদ, শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুরে যুবদলের পক্ষ থেকে অসহায় নারী পুরুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দূর্গানারায়নপুর মহল্লায় নিজস্ব অর্থায়নে এসব বিতরণ করেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, সেমাই, চিনি, লুডুলস্ ও গুঁড়াদুধ।
খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত সভায় মোহাম্মদ শওকত হোসেন জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করেন এবং বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেরপুর পৌরসভার মেয়র প্রার্থী আবু রায়হান রুপন।
এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্রে রুপান্তরিত করতে নানা কর্মসূচি গ্রহণ করেন। যে কারণে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা সেদিন তাকে নৃশংসভাবে খুন করেছিল।
এসময় শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফসহ জেলা যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।