দেওয়ানগঞ্জে জুয়ার আসরে অভিযান, আটক ৬

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয় জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাহাদুরাবাদ এলাকার বাজু মিয়ার বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জুয়ার আসর থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, বাহাদুরাবাদ বাটিপাড়া এলাকার মো. আব্দুল মজিদ (৬৫), মো. চান মিয়া (৬৭), মো. আসাদ মিয়া (৪৪), মো. হযরত আলী (৪২), ঝালুরচর এলাকার মো. সৈয়দ জামান (৫০) ও আব্দুস কুদ্দুস (৫২)।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে তাঁদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর ওসি সজীব রহমান জানান, জুয়া আইনে নিয়মিত মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *