নিলুফার চৌধুরী এমপি নির্বাচিত হওয়ায় জামালপুরে গণ-সংবর্ধনা প্রদান

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নিলুফার চৌধুরী মনি এমপিকে গণ-সংবর্ধনা প্রদান করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের বকুলতলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিলুফার চৌধুরী মনি এমপি।
প্রধান অতিথির বক্তব্যে নিলুফার চৌধুরী মনি এমপি বলেন, জামালপুরের মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে, তাতে আমি আবেগাপ্লুত। আমি এই মাটির সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা। আমি এই জেলার মানুষের ঋণ কোনোদিন শোধ করতে পারব না।

তিনি আরও বলেন, জামালপুর একটি দরিদ্র জেলা। এখানকার মানুষ নানা সমস্যার মধ্যে বসবাস করছে। আপনাদের সহযোগিতায় সমস্যাগুলো চিহ্নিত করে জেলার উন্নয়নে কাজ করতে চাই, যেন জামালপুরের মানুষ ভালোভাবে বাঁচতে পারে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাই বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিঞ্চ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে জামালপুরে এলে জেলার প্রবেশপথ দিগপাইত মোড় থেকে দয়াময়ী মোড় পর্যন্ত প্রায় ২০টি স্থানে পথসভা ও শুভেচ্ছা কর্মসূচির আয়োজন করা হয়।

পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এদিকে সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে নিলুফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *