
জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলান্দহ উপজেলা কৃষি অফিস এ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার মেলান্দহ কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১নং দুরমুট ইউনিয়নের জাংগালিয়া নয়াপাড়া গ্রামের জাংগালিয়া মাদ্রাসার জন্য বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়। উক্ত কর্মসুচীতে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুর রউফ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাহিমা আক্তার ফাহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, এসএপিপিও আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রুকুনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে মোট ৬০টি বৃক্ষচারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল তাল, খেজুর, নারিকেল, জাম, নিম ও বট গাছের চারা। প্রতিটি প্রজাতির ১০টি করে চারা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি চারার সঠিক বৃদ্ধি ও পরিচর্যার জন্য টিএসপি ও এমওপি সারও প্রদান করা হয়।
বক্তারা বলেন, চরাঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে তাল, খেজুর ও বটগাছ পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
স্থানীয়রা কৃষি বিভাগের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলবে এবং সবুজ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।