
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল নির্মূল অভিযানের সময় কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গ্রেফতারের প্রতিবাদে জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেলান্দহ উপজেলা ফারিয়ার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন ঔষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।
একমি ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার জয়নাল আবেদীনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও হয়রানি বন্ধের দাবি জানান।
বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, “গত কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল নির্মূল অভিযানের সময় কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই সরকার দালাল নির্মূল করুক। কিন্তু যারা সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে, তাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়।”
তিনি আরও বলেন, “ফার্মাসিউটিক্যালস সেক্টরের সঙ্গে জড়িত কর্মীরা কখনও কোনো দালালির সঙ্গে সম্পৃক্ত নয়। তাই দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় যেন কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধিকে হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন রেনেটা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার খোরশেদ আলমসহ মেলান্দহ উপজেলা ফারিয়ার সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক আল মাহমুদ রবিন ও ফারিয়ার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের কাছে ঔষুধের তথ্য পৌঁছে দিয়ে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।