দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানে অনিয়মের চিত্র, ক্ষোভ বিএনপি নেতাকর্মীদের

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব রশিদুজ্জামান মিল্লাতের সার্বিক সহযোগিতায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আশপাশের পরিবেশ ঘুরে দেখে হাসপাতালের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশের চিত্র দেখতে পান নেতাকর্মীরা। এ সময় তারা হাসপাতালের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, একটি সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। তাই স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *