জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল করেছে দলের নেতাকর্মীরা। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর পৌর শাখার ব্যানারে অনুষ্ঠিত মিছিলটির একটি ভিডিও।৮ নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ওই ভিডিওটি। তাতে দেখা যায়, সামনে ব্যানার ধরে থাকা কয়েকজনের মুখে মাস্ক রয়েছে। অধিকাংশেরই মুখ খোলা। তারা শ্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিছিলের ভিডিও পোস্টকারীরা লিখেছেন, ‘বকুলতলা দলীয় কার্যালয় থেকে তমালতলা পর্যন্ত জামালপুর পৌর আওয়ামী লীগের মিছিল।’মিছিলের ভিডিওতে আরও দেখা যায়, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ‘জামালপুরের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি, ‘আজম ভাইয়ে ঘাঁটি, জামালপুরের মাটি, ‘ছানু ভাইয়ের ঘাঁটি, জামালপুরের মাটি, ‘গুলি করে আন্দোলন, বন্ধ করা যাবেনা, ‘ডাক দিয়েছে আজম ভাই ছানু ভাই, ঘরে থাকার সময় নাই’সহ নানা শ্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। একই সঙ্গে মিছিলে উড়ানো হচ্ছে রঙিন ধোঁয়া।মিছিলের ব্যানারের বাম পাশে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা, ডানপাশে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুর ছবি। পুলিশ সূত্র জানায়, সকাল ৭টা থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে শহরে একটি মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দশ থেকে পনের জনের একটি দল। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, মিছিলের ভিডিও দেখে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *