ইত্তিজা হাসান মনির, প্রতিনিধি বরগুনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বরগুনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।আজ ০৫ নভেম্বর ২০২৬ খ্রি. বরগুনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ তাছলিমা আক্তার,জেলা প্রশাসক, বরগুনা।উপজেলা প্রশাসন, বরগুনা সদর; উপজেলা সমাজসেবা কার্যালয়, বরগুনা সদর ও শহর সমাজসেবা কার্যালয়, বরগুনা এর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথম ব্যাচে বরগুনা সদর উপজেলার বদরখালী, গৌরীচন্না ও ফুলঝুরি ইউনিয়নের ২ জন সুপারভাইজার এবং ৩১ জন তথ্য সংগ্রহকারীসহ মোট ৩৩ জন প্রশিক্ষণার্থী দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণটি গ্রহণ করছেন।প্রশিক্ষণের উদ্বোধনী এই সেশনটিতে আরও উপস্থিত ছিলেন প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা; পুলিশ সুপার, বরগুনা; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা; উপপরিচালক, সমাজসেবা কার্যালয়, বরগুনা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা; উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর; উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বরগুনা সদর; রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।প্রধান অতিথি মিজ তাছলিমা আক্তার তার বক্তব্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে স্বচ্ছতার সাথে সঠিক তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ সেশন শেষে তিনি ৩৩ জন প্রশিক্ষণার্থীর হাতে তথ্য সংগ্রহের উপকরণ হিসেবে ট্যাবলেট কম্পিউটার তুলে দেন।আগামী ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। উক্ত প্রশিক্ষণে সংশ্লিষ্ট এলাকার তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণ অংশগ্রহণ করছেন, যারা পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।