পাসপোর্ট ফরমে বিশেষ চিহ্ন দিয়ে দালালি: জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান

রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

পাসপোর্ট আবেদনের ফরমে বিশেষ প্রতীকি চিহ্ন ব্যবহার করে দালালচক্রের মাধ্যমে অনিয়ম ও হয়রানির অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

​মঙ্গলবার (২২সেপ্টেম্বর) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় অবস্থিত জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

​দুদক সূত্রে জানা গেছে,নির্দিষ্ট প্রক্রিয়ার বাইরে গিয়ে দালালদের মাধ্যমে বাড়তি টাকার বিনিময়ে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল সাদা পোশাকে ছদ্মবেশে তদন্তে নামে। তারা প্রথমে পাসপোর্ট অফিসের সামনের কয়েকটি কম্পিউটারের দোকানে সেবাগ্রহীতা সেজে খোঁজখবর নেন।

অনুসন্ধানে জানা যায়,সামনের কিছু নির্দিষ্ট কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করলে দ্রুত ও অনায়াসে পাসপোর্ট পাওয়া যায়। এই দোকানগুলো থেকে করা আবেদনে সুনির্দিষ্ট কিছু ‘বিশেষ চিহ্ন’ ব্যবহার করা হতো, যাতে পাসপোর্ট অফিসের ভেতরের লোকজন সহজেই ধরে নিতে পারে এটি দালাল মারফতে এসেছে। পক্ষান্তরে, সাধারণ সেবাগ্রহীতারা সরাসরি আবেদন করতে গেলে পদে পদে নানা হয়রানির শিকার হতেন।

​প্রাথমিক তথ্যের সত্যতা পেয়ে দুদক টিম জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদকে সঙ্গে নিয়ে ভেতরের মূল কার্যালয়ে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বিভিন্ন পাসপোর্ট আবেদনে সেই গোপন ‘বিশেষ প্রতীকি চিহ্নের’ প্রমাণ মেলে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চতুর দালালচক্র ও অসাধু চক্রের সদস্যরা আগেই কেটে পড়ায় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। এক সন্দেহভাজন ব্যক্তিকে পেয়ে প্রাথমিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

​অভিযানকালে ফরমে চিহ্নিত এসব বিশেষ প্রতীক বা সাংকেতিক চিহ্নের বিষয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো সন্তোষজনক বা সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি।

​অভিযান শেষে জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, অভিযানে প্রাপ্ত তথ্য ও বিশেষ চিহ্নের প্রমাণসহ বিস্তারিত প্রতিবেদন তৈরি করে দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের প্রাপ্ত নির্দেশনার ওপর ভিত্তি করে পরবর্তীতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​অভিযানকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক আতিউর রহমানসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *