৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা: মাদারগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে শিবলুল হাসান (৩৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
​সোমবার সন্ধ্যায় উপজেলা চত্বর এলাকা থেকে তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।
​গ্রেপ্তারকৃত শিবলুল হাসান পৌর শহরের জোনাইল পূজা ঘাঁটি এলাকার মৃত জলিল বিএসসির ছেলে। তিনি মাদারগঞ্জ শহর যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ক্রীড়ানুরাগী হিসেবে স্থানীয় এলাকায় তার আলাদা একটি পরিচিতি রয়েছে; ছোটবেলা থেকেই নিয়মিত ক্রিকেট ও ফুটবল খেলায় অংশ নেন তিনি।
​তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগেই শিবলুল যুবলীগ থেকে পদত্যাগ করেছিলেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও জানিয়েছিলেন। তবে পুলিশকে পদত্যাগের স্বপক্ষে কোনো লিখিত নথি বা উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, “প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিবলুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে পাঠানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *