শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মজনু আকন্দ (৪০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক-হেলপারসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার (১:৩০ মি.) দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু আকন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া উত্তরপাড়া গ্রামের জহুরুল আকন্দের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে জামালপুর-দেওয়ানগঞ্জগামী ‘মালঞ্চ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঘাটাইলে পৌঁছালে বিপরীত দিক (মাদারগঞ্জ) থেকে আসা ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মজনু মারা যান।
সংঘর্ষে পিকআপে থাকা আরও দুই যাত্রী এবং বাসের চালক, হেলপারসহ বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।