শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে “জুলাই শহিদ দিবস ২০২৬” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) শেরপুরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
​পুষ্পস্তবক অর্পণকালে শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন উপস্থিত থেকে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনে অংশ নেওয়া বীর যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
​শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির জন্য এক অবিস্মরণীয় প্রেরণা। তাঁদের এই মহান আত্মোৎসর্গের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেরপুর জেলা প্রশাসন একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।”
​পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *