দেওয়ানগঞ্জে গভীর রাতে ডাকাতি; স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দিগলকান্দি পশ্চিমপাড়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত সহিজল হক (মান্নু) ও খাইরুলের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে সহিজল হক (মান্নু) ও তাঁর স্ত্রীকে বেঁধে ফেলে এবং মারধর করে।
পরিবারের সদস্যদের অভিযোগ, পরে দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া একটি মোটরসাইকেলও নিয়ে যায় তারা। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ডাকাতির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
এদিকে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *