ইসলামপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন পরিত্যাগ; আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা

রোকনুজ্জামান সবুজ, জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও পরিত্যাগ করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী আকলিমা আক্তার,উপজেলার কুলকান্দি এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন,২০২১ সালের ১৬ নভেম্বর মুসলিম শরিয়ত মোতাবেক সাপধরি ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের সাইদুর রহমান শাকিলের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,বিয়ের সময় আকলিমার পরিবার থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং প্রায় ৪ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, ফ্রিজ,টেলিভিশনসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়া স্বামীর বিদেশযাত্রার ক্ষেত্রেও আর্থিক সহযোগিতা করেন বাদীর পরিবার।

অভিযোগে বলা হয়েছে,সিঙ্গাপুরে অবস্থানকালে এবং দেশে ফেরার পর বিভিন্ন সময়ে শাকিল স্ত্রীর কাছে যৌতুক হিসেবে আরও ৫ লাখ টাকা দাবি করেন। গত ১৭ জানুয়ারি ২০২৫ শ্বশুরবাড়িতে এসে তিনি ওই টাকা দাবি করেন। বাদীর পরিবার আর্থিক অক্ষমতার কথা জানালে তিনি ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও সন্তানকে রেখে চলে যান এবং যৌতুকের টাকা না পেলে সংসার করবেন না বলে হুমকি দেন।

এছাড়া মামলায় আরও উল্লেখ করা হয়েছে,অভিযুক্ত ব্যক্তি অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেছেন বলে এলাকায় প্রচার রয়েছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি।বাদীর দাবি,ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী তার ও তাদের শিশুকন্যার কোনো খোঁজখবর নেননি এবং ভরণপোষণের দায়িত্বও পালন করছেন না। এ ঘটনায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় জামালপুরের বিজ্ঞ ইসলামপুর আমলি আদালতে মামলা দায়ের করার পর থেকে আসামি পলাতক রয়েছে। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *