মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন মামা-ভাগিনা। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রায়ের বাকাই সেনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— রায়েরবাকাই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে সিফাত (১০) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশরাফি হোসেন আন্নাস (০৯)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে সিফাত ও আন্নাসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল গড়িয়ে রাত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে দ্রুত তাদের পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই শিশুর আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়েরবাকাই গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। শোকার্ত পরিবারের সদস্যদের কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। বর্তমানে নিহত দুই শিশুর মরদেহ তাদের নিজ বাড়িতেই রয়েছে।