ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন ও মাদকদ্রব্য সংরক্ষণের অভিযোগে মো. জিহাদ (২১) নামে এক যুবককে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন দেওয়ানগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন।
জানা যায়, উপজেলার কালিকাপুর এলাকায় মৃত চিনি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মো. জিহাদকে আটক করে। আটক জিহাদ মিয়ার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার শেখপাড়া গ্রামে। তার পিতার নাম তারা মিয়া। তিনি পৌর এলাকার চিনি মিয়ার বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক সেবনের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাদক সংশ্লিষ্ট বেশ কিছু আলামত উদ্ধার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।