সরিষাবাড়ীতে সৌদি প্রবাসীর বাড়ী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি প্রবাসীর বাড়ী থেকে রেজুয়ান হীরা (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তার গলায় ওড়না পেঁচানো ও সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত গোলাম মোস্তফা গণি মিয়ার ছেলে রেজুয়ান হীরা। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পার্শ্ববর্তী সৌদি প্রবাসী আপন মিয়ার বাড়ীতে রাত্রি যাপন করার জন্য ঘরে প্রবেশ করে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালে বাড়ীর লোকজন হীরা কে ডাকাডাকি করলে সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, এসআই সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হীরাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়ার উদ্যোগ নিলে নিহতের স্ত্রী, মা, বোনসহ স্বজনরা বাধা দেন। একপর্যায়ে তারা জোরপূর্বক মরদেহ নিজ বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হীরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *