নদীভাঙনে খুঁটি অপসারণের এক বছরেও বিদ্যুৎ সংযোগ পায়নি ১০ পরিবার, ক্ষোভ

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা পয়েন্টে যমুনা নদীর শাখা নদীর ভাঙনের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার এক বছর পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ সুবিধা পায়নি অন্তত ১০টি পরিবার। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনের ঝুঁকির কারণে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ওই এলাকায় স্থাপিত ৫টি বিদ্যুতের খুঁটি অপসারণ করে নেয়। তবে নদীর বাম তীরে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে দ্রুত ভাঙন রোধ করা সম্ভব হলেও পরবর্তীতে আর নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপনে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে তারা বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বারবার যোগাযোগ করেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছ থেকে আশানুরূপ কোনো সাড়া পাননি বলে দাবি তাদের।
এ বিষয়ে স্থানীয়দের প্রশ্ন, দ্রুত সমাধান সম্ভব হওয়ার পরও কেন দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে অবহেলা করা হচ্ছে। তারা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিদ্যুৎ সংযোগ চালুর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *