মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুর জেলার মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী, তাঁদের স্বজন এবং কর্মরত স্টাফদের সুপেয় পানির দীর্ঘদিনের সংকট নিরসন হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দ্রুত পদক্ষেপের ফলে হাসপাতাল প্রাঙ্গণে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যা জনসাধারণের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
মেলান্দহ উপজেলার প্রধান এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন গড়ে শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ সুপেয় পানির অভাব থাকায় রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনদের বাইরে থেকে পানি কিনে আনতে হতো অথবা দূর-দূরান্ত থেকে সংগ্রহ করতে হতো। এতে বিশেষ করে দরিদ্র রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, মেলান্দহ দ্রুততম সময়ের মধ্যে একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর ব্যক্তিগত তদারকি ও আন্তরিক প্রচেষ্টায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হয়। বর্তমানে এই নলকূপ থেকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এবং হাসপাতালে আসা রোগীদের স্বজনরা এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন জানান, “আগে খাবার পানির জন্য আমাদের অনেক ছোটাছুটি করতে হতো। এখন হাসপাতালের ভেতরেই গভীর নলকূপ হওয়ায় আমাদের অনেক বড় উপকার হয়েছে।”
জনস্বার্থে এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় এলাকাবাসী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপদ পানির এই সুব্যবস্থা হাসপাতালের সামগ্রিক পরিবেশ এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।