মেলান্দহে ৩১ হাজার শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা; মাঠে ১২০ জন কর্মী

মেলান্দহ জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে বিশেষ টিকাদান কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি জোরদার করা হয়েছে। উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩১ হাজার ৩৭৯ জন শিশুকে টিকার আওতায় আনার সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

​পরিসংখ্যান ও লক্ষ্যমাত্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, মেলান্দহে বর্তমানে এমআর (হাম ও রুবেলা) ১ম ও ২য় ডোজ টিকা গ্রহণের হার ৮৫% থেকে ৯০%। এই হারকে শতভাগে উন্নীত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোট ২৪১টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।

​দুর্গম চরাঞ্চলে বিশেষ নজরদারি উপজেলার ৪টি ইউনিয়নের ২০টি সাব-ব্লককে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যমুনার দুর্গম চরাঞ্চল ও যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় শতভাগ টিকাদান নিশ্চিত করাই এখন স্বাস্থ্য বিভাগের মূল চ্যালেঞ্জ। এসব এলাকায় শিশুদের টিকা নিশ্চিত করতে বিশেষ টিম গঠন করা হয়েছে।

​মাঠ পর্যায়ে জনবল পুরো কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে ৬০ জন দক্ষ স্বাস্থ্যকর্মী (স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক) নিয়োজিত আছেন। তাদের সহযোগিতা করতে মাঠ পর্যায়ে কাজ করছেন আরও ৬০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক।

​উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য এ বিষয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব বলেন, “আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি শিশুর কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। দুর্গম ২০টি সাব-ব্লকের জন্য আমাদের বিশেষ টিম কাজ করছে। হাম নির্মূলে কোনো শিশু যেন টিকার আওতাভুক্ত হতে বাদ না পড়ে, সে ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। অভিভাবকদের সচেতন করার পাশাপাশি কেন্দ্রগুলোতে পর্যাপ্ত টিকার সরবরাহ নিশ্চিত করা হয়েছে।”

​স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের সুস্থ ও সবল রাখতে সঠিক সময়ে নিয়মিত টিকা প্রদান অপরিহার্য। বিশেষ করে চিহ্নিত ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের পরিবারগুলোকে সচেতন করতে উঠান বৈঠক ও মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

​তথ্যসূত্র: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, মেলান্দহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *